আগামী বৃহস্পতিবার ১২ মার্চ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন চলাকালে সংসদ ভবন ও আশপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নির্দেশনা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১১ মার্চ) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, বিদেশী কুটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন। উক্ত অধিবেশন চলাকালীন উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করবে। এর ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক আগামী ১২/০৩/২০২৬ তারিখ ডাইভারশনের মাধ্যমে নিম্নোক্তভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ইন্দিরা রোড হতে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখি যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে। এছাড়া, মানিক মিয়া এভিনিউ হতে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উড়োজাহাজ মোড় হতে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখি যানবাহন চলাচল করবে।